⚖️ চুক্তি ও সম্মতির সংজ্ঞা

  • Author: Siam Al Mahmud Administrator
  • Published: 12 hours ago
  • Category: চুক্তি আইন (Law of Contract)

ল্যাটিন 'Contructus' শব্দ হতে উদ্ভূত ইংরেজি 'Contract' শব্দের আভিধানিক অর্থ চুক্তি (to work on contract)। সাধারণ অর্থে, চুক্তি বলতে কোন কিছু করা বা করা হতে বিরত থাকার নিমিত্তে একাধিক পক্ষের পারস্পরিক সম্মতিকে বুঝায়। সুতরাং চুক্তি করতে পারস্পরিক সম্মতি অপরিহার্য। সম্মতি (Agreement) হল কোন বিষয়ে উভয়পক্ষের মিল বা ঐক্যমত। চুক্তি সম্পন্ন করতে হলে সেখানে সম্মতি থাকা বাধ্যতামূলক। সম্মতি ছাড়া চুক্তি হতে পারেনা। চুক্তি আইন, ১৮৭২ এর ২(ঙ) অনুযায়ী "প্রত্যেক অঙ্গীকার এবং প্রত্যেক অঙ্গীকারগুচ্ছ, যাহা একটি অপরটির পণ, তাহাকে সম্মতি বলে।" আবার একই আইনের ধারা-১৩ অনুযায়ী সম্মতির সংজ্ঞা দেয়া হয়েছে, "দুই বা ততোধিক ব্যক্তি কোন এক বিষয়ে এক অর্থে একমত হইলে উহাতে তাহারা সম্মতি দিয়াছেন বলা যায়।" ('CONSENT DEFINED.- Twho or more persons are said to consent when they agree upon the same thing in the same sense.') অর্থাৎ, একের অধিক ব্যক্তি যখন কোনো একটি বিষয়ে বা একটি অর্থে একমত হয়, তবে তারা সম্মতি দিয়েছে ধরা যায়। চুক্তি আইনের ২(ক) ধারামতে "যখন এক ব্যক্তি অপর ব্যক্তির সম্মতি পাবার উদ্দেশ্যে কোনো কাজ করার বা কাজ করা হতে বিরত থাকার ইচ্ছা প্রকাশ করে তখন সে ব্যক্তি প্রস্তাব করেছে বলা যায়"। অপর ব্যক্তি যদি এই প্রস্তাবে তার সম্মতি জ্ঞাপন করে তবে চুক্তি আইনের ২(খ) ধারামতে সে ব্যক্তি প্রস্তাব গ্রহণ করেছে বলা যায়। এক পক্ষ যদি কোনো কাজ করা বা কাজ করা হতে বিরত থাকার সুস্পষ্ট ইচ্ছা অপর পক্ষের নিকট ব্যক্ত করে এবং অপরপক্ষ নিঃশর্তভাবে তা গ্রহণ করে যার ফলে তাঁদের মধ্যে পারস্পরিক প্রতিদানের সৃষ্টি হয়, তবে তাঁদের মধ্যে সম্মতি হয়েছে বলা যায়। অপরদিকে একই আইনের ২(জ) ধারায় বলা হয়েছে, "আইনবলে কার্যকর করা যায় না, এমন সম্মতিকে চুক্তি বলা হয়।" অর্থাৎ- "আইনের দ্বারা বলবৎযোগ্য সম্মতিকে চুক্তি বলে।" তাই বলা চলে সম্মতি ছাড়া চুক্তি হয়না। তবে উভয়পক্ষের মধ্যে সম্মতি প্রতিষ্ঠিত হলেও সকল সময় তা চুক্তি হয়না। যেমন-

সজল, কাজলের বাসায় নির্দিষ্ট দিনে দাওয়াত গ্রহণে সম্মত হলেও যদি সজল না আসে অথবা সজল আসার পর কাজল তাকে আপ্যায়ন না করে তবে এক্ষেত্রে প্রতিশ্রুতি ভঙ্গের জন্য মোকদ্দমা দায়ের করা যায় না বা এটি উভয়পক্ষের আইনানুগ বাধ্যবাধকতার সৃষ্টি করে না।

সেহেতু বলা যায়, আইনানুগ বাধ্যবাধকতা সৃষ্টি করে এমন সম্মতিকে চুক্তি বলে।

  • প্রফেসর স্যামন্ড চুক্তির সংজ্ঞা দিতে গিয়ে বলেন, "বিভিন্ন পক্ষের মধ্যে দায় সৃষ্টি ও নির্দিষ্ট করে যে সম্মতি সাধিত হয় তাকে চুক্তি বলে।" (A contract is an agreement creating and defining obligations between the parties.)

  • স্যার উইলিয়াম এ্যানসন চুক্তির সংজ্ঞা দিতে গিয়ে বলেন, "আইনের দ্বারা বলবৎযোগ্য দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে সম্পাদিত যে সম্মতির দ্বারা এক পক্ষ অন্য পক্ষের কার্য বা কার্য হতে বিরতির উপর অধিকার লাভ করে তাকে চুক্তি বলে।" (A contract is an agreement enforceable of law made between two or more persons by which rights are acqured by one or more to act or forbearance on the part of the other.)

  • স্যার ফ্রেডরিক পোলক চুক্তির সংজ্ঞা দিতে গিয়ে বলেন, "আইনের সাহায্যে বলবৎযোগ্য প্রত্যেকটি সম্মতি ও প্রতিশ্রুতিকেই চুক্তি বলে।" (Every agreement and promise enforceable of law is a contract.)

উপরে বর্ণিত আইনের বিধান ও মতামতের আলোকে পরিশেষে বলা যায়, চুক্তি হলো একাধিক পক্ষের মধ্যে আইনের দ্বারা বলবৎযোগ্য এমন কোন সম্মতি যা পক্ষসমূহের কিছু করা বা না করার বিষয়ে অধিকার ও দায়িত্বের সৃষ্টি করে এবং কোন পক্ষ তা ভঙ্গ করলে আইনানুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা চলে।